পৃথিবীর সবচেয়ে মূল্যবান রক্ত ‘গোল্ডেন ব্লাড’

ছবিঃ সংগৃহীত
রক্তের গ্রুপ বলতেই আমরা সাধারণত জানি এ, বি, ও এবং এবি। এর সঙ্গে যোগ হয় আরএইচ ফ্যাক্টর, অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ। কিন্তু এই পরিচিত আট ধরনের বাইরেও রয়েছে এক বিস্ময়কর ব্যতিক্রম ‘গোল্ডেন ব্লাড’।
চিকিৎসাবিজ্ঞানে যার নাম ‘আরএইচ নাল’। পৃথিবীর সবচেয়ে বিরল এই রক্ত এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র প্রায় ৪৩ জন মানুষের শরীরে। নাম শুনে মনে হতে পারে এই রক্তের রং সোনালি, কিন্তু বাস্তবে এটি সাধারণ রক্তের মতোই লাল। সাধারণত রক্তের পজিটিভ বা নেগেটিভ নির্ভর করে আরএইচ প্রোটিনের উপস্থিতির ওপর। কিন্তু ১৯৬০ সালে প্রথমবার এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে এমন এক রক্তের সন্ধান মেলে, যেখানে কোনো আরএইচ অ্যান্টিজেনই নেই। ফলে সেটিকে পজিটিভ বা নেগেটিভ কোনোভাবেই শ্রেণিবদ্ধ করা যায়নি। এরপরই এর নাম দেওয়া হয় ‘গোল্ডেন ব্লাড’।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরের লোহিত রক্তকণিকায় সাধারণত বিভিন্ন অ্যান্টিজেন থাকে। আরএইচ সিস্টেমেই রয়েছে ৫০টিরও বেশি অ্যান্টিজেন। কিন্তু যাদের শরীরে এই অ্যান্টিজেনগুলোর একটিও নেই, তাদের রক্তই ‘আরএইচ নাল’। এই বিরল রক্ত সাধারণত জিনগত কারণে তৈরি হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে যেতে পারে। তবে অনেক সময় কয়েক প্রজন্ম পর হঠাৎ করেও এটি দেখা দেয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রক্তের অধিকারীরা বিশেষ পরিস্থিতিতে অন্য অনেকের জন্য জীবনরক্ষাকারী হতে পারেন। কারণ তাদের রক্ত অত্যন্ত বিরল রোগের চিকিৎসায় ব্যবহারযোগ্য এবং নির্দিষ্ট ক্ষেত্রে অন্যদের শরীরেও দেওয়া সম্ভব। এ কারণেই ‘গোল্ডেন ব্লাড’কে বলা হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান রক্ত। মানবদেহের জটিলতা আর বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ এই রক্ত যা এখনও চিকিৎসাবিজ্ঞানের জন্য বিস্ময় আর গবেষণার বিষয় হয়ে আছে।

নাজমুল গাজী
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









