হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বিকল্প রুটে সৌদি আরব থেকে অপরিশোধিত তেল আমদানি করছে বাংলাদেশ। এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নেনিমিয়া’ নামের একটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। জাহাজটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছেড়ে লোহিত সাগর হয়ে সরাসরি বাংলাদেশে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মে মাসের প্রথম সপ্তাহেই জাহাজটি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানোর কথা রয়েছে। বিকল্প এই রুট ব্যবহারের মাধ্যমে সময় ও ঝুঁকি কমানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। এদিকে একই পরিমাণ তেল বহনকারী আরেকটি জাহাজ ‘নর্ডিক পোলাক্স’ এখনো হরমুজ প্রণালিতে জটিলতায় আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে।

জানা গেছে, ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় জাহাজটি এখনো বাংলাদেশে রওনা দিতে পারছে না। ফলে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প রুটের ওপর গুরুত্ব বাড়ছে।