আন্তর্জাতিক সহযোগিতায় অর্থ ফেরাতে সরকারের নতুন উদ্যোগ

ছবিঃ সংগৃহীত
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠানো হয়েছে। এছাড়া আরও ২১টি দেশে এমএলএআর পাঠানোর প্রক্রিয়া চলছে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নেওয়া হয়েছে সমন্বিত পদক্ষেপ। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে গঠন করা হয়েছে ১২ সদস্যের একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স।
টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করেছে সরকার। এসব মামলার অনুসন্ধান ও তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে গঠন করা হয়েছে ১১টি যৌথ তদন্ত দল বা জেআইটি। এই তদন্ত কার্যক্রমে সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সরকার বলছে, পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে অর্থপাচার রোধেও নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








