বাজেটে ইউটিউবার-ফ্রিল্যান্সারদের জন্য আসতে পারে বিশাল সুখবর

ছবি- সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব আসতে পারে। একই সঙ্গে নতুন স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ নির্ধারণের কথা বিবেচনায় রয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
মূলত ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের পাশাপাশি ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্ট ক্রিয়েটরদের আয়ও করমুক্তের তালিকায় থাকতে পারে। এতে দেশের বিপুলসংখ্যক ফ্রিল্যান্সার ও তরুণ আইটি উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও কর সুবিধা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার আয় করমুক্ত থাকলেও, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য এই সীমা ৭০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।
এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে উৎপাদনমুখী শিল্প, প্রযুক্তি ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে ত্বরান্বিত অবচয় সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর আওতায় প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ হারে অবচয় সুবিধা দেওয়া হতে পারে। তবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রস্তাব এখনো চূড়ান্ত নয়; বাজেট উপস্থাপনের সময় আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









