ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া

ছবি- সংগৃহীত স্পর্শিয়া
কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার আবহ এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় পবিত্র ঈদে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। মুক্তির পর থেকেই দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। সাধারণ দর্শকের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও ভাসাচ্ছেন প্রশংসার জোয়ারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

গত পরশু প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মুগ্ধতা ও অনুভূতি প্রকাশ করেছেন স্পর্শিয়া। সিনেমাটির নান্দনিক দিক তুলে ধরে তিনি লিখেছেন— সব গান বা সব চলচ্চিত্র সবার জন্য নয়। ‘বনলতা সেন’ হয়তো সবার ভালো লাগবে না, কিন্তু সিনেমাটি ইতিহাসের পাতায় স্থান করে নেবে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রগুলোর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন এই অভিনেত্রী। নাম ভূমিকায় অভিনয় করা মাসুমা রহমান নাবিলা সম্পর্কে তিনি লেখেন, “পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সঙ্গে নাবিলা পুরোপুরি মানিয়েছে। হোয়াট আ ক্লাসিক বিউটি শি ইজ!”
একই সাথে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে স্পর্শিয়া বলেন, এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে দর্শকদের সামনে উপস্থাপন করার মতো যোগ্যতা কেবল খায়রুল বাসারেরই আছে। বাসারের কণ্ঠ, চোখের চাহনি, পরিমিত হাসি এবং ব্যক্তিগত সাহিত্যচর্চার গুণ তাকে একজন দুর্দান্ত পারফর্মারে পরিণত করেছে।
সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সোহেল মণ্ডলের প্রশংসা করতে গিয়ে কবি জীবনানন্দের ‘মহীনের ঘোড়াগুলি’ কবিতার পঙ্ক্তি আওড়ান স্পর্শিয়া। সোহেল মণ্ডলকে ‘বাংলাদেশের সম্পদ’ আখ্যা দিয়ে তিনি জানান, সিনেমার শেষ দৃশ্যগুলোতে সোহেল মণ্ডলের অভিনয় তাকে নিজের কৈশোরের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে। একজন সমালোচক হিসেবে নয়, বরং একজন সাধারণ দর্শক হিসেবেই এই ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, মাসুদ হাসান উজ্জ্বলের এই নান্দনিক সৃষ্টিতে খায়রুল বাসার ও মাসুমা রহমান নাবিলা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, মাইমুনা মম, প্রিয়ন্তী উর্বী এবং গাজী রাকায়েত। স্টার কাস্টদের চমৎকার অভিনয় আর জীবনানন্দের কবিতার চাদরে মোড়ানো গল্পটি এখন প্রেক্ষাগৃহে দর্শকদের এক অন্যরকম অনুভূতি দিচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





