কার্টুনপ্রেমীদের পছন্দের গোয়েন্দা কুকুর ‘স্কুবি-ডু’ ও তার রহস্য সন্ধানী দল ‘মিস্ট্রি ইনক’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ওটিটি জায়ান্টটি তাদের আসন্ন লাইভ-অ্যাকশন সিরিজ ‘স্কুবি-ডু: অরিজিনস’-এর একটি প্রাথমিক টিজার বা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। ২০ সেকেন্ডের এই ঝলকে দেখা যায়, গ্রীষ্মকালীন ক্যাম্পের এক জঙ্গলে গ্রেট ডেন জাতের একটি কিউট কুকুরছানার সাথে প্রথম দেখা হয় শ্যাগির। ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এবারই প্রথম অ্যানিমেশনের বদলে একটি আসল কুকুরকে ‘স্কুবি-ডু’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

জনপ্রিয় এই কার্টুনটির আধুনিক ও বাস্তবসম্মত রূপান্তর নিয়ে তৈরি সিরিজটির শুটিং বর্তমানে আমেরিকার আটলান্টায় চলছে এবং এটি ২০২৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আট পর্বের এই সিরিজে মিস্ট্রি ইনক দলের চিরচেনা তরুণ চরিত্রগুলোতে অভিনয় করছেন ম্যাককেনা গ্রেস (ড্যাফনি), ট্যানার হ্যাজেন (শ্যাগি), অ্যাবি রাইডার ফোর্টসন (ভেলমা) এবং ম্যাক্সওয়েল জেনকিন্স (ফ্রেডি)। এ ছাড়া জনপ্রিয় অভিনেতা পল ওয়াল্টার হাউজার এই সিরিজে একটি বিশেষ চরিত্রে থাকছেন।

নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিজের গল্পটি মূলত এই দলের একদম শুরুর দিকের কাহিনি নিয়ে। ক্যাম্পে শেষ গ্রীষ্মের ছুটিতে পুরনো দুই বন্ধু শ্যাগি ও ড্যাফনি একটি রহস্যের মুখে পড়ে। ঘটনাটি আবর্তিত হয় একটি হারিয়ে যাওয়া কুকুরছানাকে (স্কুবি-ডু) ঘিরে, যে সম্ভবত একটি অতিপ্রাকৃত হত্যাকাণ্ডের সাক্ষী ছিল। পরবর্তীতে ভেলমা ও শহরের নতুন ছেলে ফ্রেডিকে সাথে নিয়ে তারা এই রহস্যের সমাধানে নামে। তবে এই তদন্ত তাদের এমন এক দুঃস্বপ্নের দিকে টেনে নিয়ে যায়, যা তাদের নিজেদের সব গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।

সিরিজটির লেখক ও প্রধান পরিচালক হিসেবে কাজ করছেন জশ অ্যাপেলবাম ও স্কট রোজেনবার্গ। আর এর প্রথম পর্বটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক টবি হেইন্স। ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের ব্যানারে সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে বার্লান্টি প্রোডাকশনস ও মিডনাইট রেডিও।

প্রাইমটিভি/বিএম