হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার দাবি, ওয়াজে তার নাম উল্লেখ করে তাহেরী মূলত আলোচনায় থাকতে বা ‘মার্কেট’ পেতে চাইছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি তাহেরীকে পছন্দ করেন ও তার ওয়াজ শোনেন।

এক বক্তব্যে সামান্তা জানান, আগে একবার তাহেরীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তখন তিনি পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার কথা জানালে তাহেরী কোনো নেতিবাচক মন্তব্য বা আপত্তি করেননি; বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন। সামান্তা বলেন, ‘তখন তিনি আমাকে বলেছিলেন, নামাজটা সবসময় পড়বে। এখন ওয়াজে আমাকে নিয়ে কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।’ তিনি আরও জানান, সে সময় তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাৎকালে তার মাথায় ওড়না থাকলেও সাথে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়না ছিল না, যা নিয়ে তাহেরী কোনো মন্তব্য করেননি।

সোশ্যাল মিডিয়া ট্রল প্রসঙ্গে সামান্তা বলেন, ‘উনারা বড়, তাদের নিজস্ব মতামত থাকতে পারে। তবে ট্রলের বিষয় না বানিয়ে সামনাসামনি বলা যেত।’ সমালোচনার মধ্যেও তাহেরীকে একজন ‘মজার মানুষ’ হিসেবে উল্লেখ করে তার প্রতি ইতিবাচক মনোভাব দেখান সামান্তা। সম্প্রতি তাহেরীর করা মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রাইমটিভি/বিএম