এবার আসছে লেডি স্পাই আলিয়া ভাট

ছবি- সংগৃহীত আলিয়া ভাট
বলিউড স্পাই ইউনিভার্সে এতদিন কেবল পুরুষ সুপারস্পাইদের দাপটই দেখেছে দর্শক। তবে এবার সেই চেনা ছক ভেঙে তছনছ করতে আসছেন আলিয়া ভাট এবং হালের সেনসেশন শর্বরী ওয়াঘ। নারীপ্রধান এই নতুন স্পাই থ্রিলারের নাম রাখা হয়েছে ‘আলফা’।আগামীকাল, (১০ জুন,২০২৬) মুক্তি পেতে যাচ্ছে ছবিটির বহুল প্রতীক্ষিত প্রথম অফিসিয়াল টিজার। এই টিজারে মূলত একজন সাধারণ মেয়ের খুনে আততায়ী বা ‘কিলিং মেশিন’ হয়ে ওঠার অবিশ্বাস্য ও রোমহর্ষক গল্প দেখানো হবে।

যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) কর্ণধার আদিত্য চোপড়া এই ছবির প্রচারণার জন্য একদম নতুন ও ভিন্নধর্মী পরিকল্পনা সাজিয়েছেন। কাশ্মীরের মনোরম অথচ দুর্গম লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে। শিব রাওয়াল পরিচালিত এই স্পাই থ্রিলারে আলিয়া-শর্বরীর পাশাপাশি খলনায়ক হিসেবে পর্দায় হাজির হবেন ‘অ্যানিমেল’খ্যাত তারকা ববি দেওল। এছাড়া বিশেষ দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কাপুর ও আর মাধবনকে।

এর আগে ‘ওয়ার ২’ সিনেমার পোস্ট-ক্রেডিট সিনে আলিয়া ভাটের এই চরিত্রের একটি হালকা ঝলক বা ‘টিজার’ দেখা গিয়েছিল। আগামীকালের পূর্ণাঙ্গ টিজারে তা দর্শকদের কতটা চমকে দেয়, এখন সেটাই দেখার অপেক্ষা। এদিকে ছবিটির মুক্তির তারিখ নিয়েও এসেছে নতুন ঘোষণা। প্রথমে আগামী ১০ জুলাই ছবিটি মুক্তির কথা থাকলেও, পরিচালক এক সপ্তাহ এগিয়ে এনে ৩ জুলাই সিনেমাটির চূড়ান্ত মুক্তির তারিখ নির্ধারণ করেছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





