বলিউড অভিনেত্রী সারা আলী খান এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তার নতুন চলচ্চিত্র ‘পতি পত্নী অউর ওহ দো’-এর প্রচারণা নিয়ে। কমেডি ঘরানার এই ছবিতে তার সাথে স্ক্রিন শেয়ার করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। ছবিটির নাম শুনে অনেকের মনেই সংশয় জেগেছে যে, এটি হয়তো সমাজে ‘পরকীয়া’কে উসকানি দিচ্ছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভুল ধারণা ভেঙে সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন সারা।

1711026278480

সাক্ষাৎকারে সারা স্পষ্ট জানিয়ে দেন, নাম শুনে অন্য কিছু মনে হলেও এটি মূলত একটি নিখাদ পারিবারিক ছবি। অভিনেত্রীর ভাষায়, "নাম দেখে ভিন্ন কিছু মনে হতে পারে, কিন্তু এটি আসলে পুরো পরিবারের সবাইকে একসাথে নিয়ে বসে দেখার মতো একটি ছবি। সিনেমাটি দেখার সময় সন্তান বা দাদা-দাদির সামনে লজ্জায় চোখ-কান বন্ধ করতে হবে না। অনেক দিন পর মনে হচ্ছে এমন একটা সিনেমা আসছে, যা সবাই মিলে সিনেমা হলে গিয়ে উপভোগ করতে পারবেন।"

eisamay_2026-05-19_6c4bywq8_New-Project-2026-05-19T111129.589

সিনেমাটি পরিচালনা করেছেন মুদাসসর আজিজ। এটি মূলত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পতি পত্নী অউর ওহ’ ছবির দ্বিতীয় কিস্তি, যা আবার ১৯৭৯ সালের সঞ্জীব কুমার অভিনীত একই নামের ক্লাসিক ছবির রিমেক ছিল। ‘কমেডি অব এররস’ ঘরানার এই সিক্যুয়েলটিতে ‘প্রজাপতি’ নামের এক কেন্দ্রীয় চরিত্রকে ঘিরে গল্প এগিয়েছে, যে চরিত্রটিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

ছবির নাম নিয়ে দর্শকদের বিভ্রান্তি দূর করতে পরিচালক মুদাসসর আজিজও আগেই আশ্বস্ত করেছিলেন যে, গল্পে পরকীয়াকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হয়নি। সারার এই সাম্প্রতিক বক্তব্যের পর ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ ও কৌতুহল আরও বেড়ে গেল।

প্রাইমটিভি/বিএম