কাশ্মীরে সংঘর্ষে নিহত ১১

ছবি- সংগৃহীত পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর
পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে রাজনৈতিক অধিকার ও আইনসভার আসন বণ্টনকে কেন্দ্র করে পুলিশ এবং একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থকদের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশের আগের দিন ঘটা এই সহিংসতায় ৪ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের সুপ্রিমকোর্ট একটি ঐতিহাসিক রায় দেওয়ার পর থেকেই মূলত এই উত্তেজনার সূত্রপাত। আদালত তার রায়ে জানায়, পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন সাংবিধানিকভাবে সম্পূর্ণ সুরক্ষিত। তাই সংবিধান সংশোধন করা ছাড়া কোনো নির্বাহী আদেশে এগুলো বিলুপ্ত বা পরিবর্তন করা সম্ভব নয়।
আঞ্চলিক রাজনীতিতে এই সংরক্ষিত আসনের কারণে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে—এমন অভিযোগ তুলে তীব্র আপত্তি জানায় ‘যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি’ (JAAC)। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় গত শুক্রবারই আঞ্চলিক সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সেখানে অবস্থানরত পর্যটকদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয়।
পুঞ্চ সেক্টরের কমিশনার সরদার ওয়াহিদ খান জানান, রাওলাকোট শহরে বিক্ষোভকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রলবোমা নিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করলে চার পুলিশ কর্মকর্তা ও এক পথচারী নিহত হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ছয় বিক্ষোভকারী মারা যান। এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








