নতুন জুতা, ওষুধের প্যাকেট, অথবা প্রিয় কোনো ইলেকট্রনিক গ্যাজেট খুলতেই চোখে পড়ে ছোট্ট একটি সাদা প্যাকেট। লেখা থাকে DO NOT EAT. আর আমরা ? একটুও না ভেবে ফেলে দিই ডাস্টবিনে। কিন্তু এই অবহেলিত প্যাকেটটাই আপনার ঘরের নীরব রক্ষক!


এটি সিলিকা জেল। এক ধরনের শক্তিশালী আর্দ্রতা শোষক। যা বাতাস থেকে জলীয় বাষ্প টেনে নেয় অনায়াসেই। ফলে জুতা থাকে শুকনা, ওষুধ থাকে কার্যকর, আর ইলেকট্রনিক ডিভাইস থাকে সুরক্ষিত।

এর কাজ শুধু এখানেই শেষ না! আপনার প্রতিদিনের জীবনে এর ব্যবহার অবিশ্বাস্য! এটি গয়নার বাক্সে রাখলে চকচকে থাকবে অলংকার। পোশাকের ভেতরে রাখলে দূর হবে স্যাঁতসেঁতে ভাব। ব্যাগে রাখলে মুছে যাবে দুর্গন্ধ। এমনকি মসলার জারে রাখলেও সবকিছু থাকবে ঝরঝরে!

তবে এই জাদু চিরস্থায়ী নয়। ৩০ থেকে ৬০ দিনের মধ্যেই কমে যায় এর কার্যক্ষমতা। যা সময়মতো বদলানো জরুরি। তাই এখন থেকে এই ছোট্ট প্যাকেটটিকে আর অবহেলা নয়। কারণ এই ছোট জিনিসটির মধ্যেই লুকিয়ে রয়েছে বড় উপকার। যা আপনার দৈনন্দিন জীবনের ব্যবহারের জিনিস গুলোকে ভাল রাখতে সাহায্য করবে।