বাঙালির ঐতিহ্যে হালখাতা: ব্যবসার সঙ্গে আনন্দের মিলন

মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা সনের প্রবর্তনের সঙ্গে সঙ্গে হালখাতার প্রচলন শুরু হয়। তখন কৃষকদের খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়, এবং সেই সময় থেকেই বছরের শুরুতে হিসাব নবায়নের এই প্রথা গড়ে ওঠে।
বৈশাখের এই পহেলা দিনই বা এর দু-একদিনের মধ্যে বাংলার বণিক বেনিয়ারা হালখাতা করে থাকেন। “হালখাতা” শব্দটি দুটি অংশে বিভক্ত হাল এবং খাতা। “হাল” অর্থ নতুন বা হালনাগাদ, এবং “খাতা” অর্থ হিসাবের বই। অর্থাৎ, হালখাতা হলো পুরোনো হিসাব বন্ধ করে নতুন করে হিসাবের খাতা খোলা। হালখাতা বাংলা নববর্ষের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী অংশ, যা ব্যবসায়ীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। প্রতিবছর পহেলা বৈশাখে এই হালখাতা করা হয়ে থাকে।
হিন্দুদের দোকানের দরজার দুপাশে মঙ্গলঘট, গদিতে ধবধবে সাদা নতুন কাপড়চোপড় অথবা গেঞ্জি-চাদর পরা মহাজন অভ্যাগতদের সঙ্গে সালাম বিনিময় করে বসার জায়গা দেখিয়ে দিচ্ছেন। তার সামনে আগরবাতির ধোঁয়া, ফরাশের ওপর নতুন কাসার বড়ো থালাতে আগতদের স্তূপ স্তূপ টাকা-পয়সা। ভেতর বাড়ি থেকে সানাই অথবা ঢাকের আওয়াজ আসছে। দোকানের কর্মচারীদের গায়েও নতুন জামাকাপড়।
হালখাতার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ব্যাবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করা। ক্রেতারা এই দিনে দোকানে এসে পুরোনো বকেয়া পরিশোধ করেন এবং নতুন খাতায় স্বাক্ষর করেন। এর মাধ্যমে ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে হালখাতাকে কেন্দ্র করে ছোটোখাটো অনুষ্ঠান বা মিলনমেলার আয়োজন করা হয়, যা সমাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।
বাংলার ব্যবসায়ীরা এই দিনে তাদের পুরোনো দেনা-পাওনার হিসাব চুকিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা শুরু করেন। এটি শুধু একটি আর্থিক কার্যক্রম নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বটে। দোকানদাররা তাদের নিয়মিত ক্রেতাদের আমন্ত্রণ জানান এবং নানা রকম মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। অনেক সময় দোকানগুলোকে সাজানো হয় ফুল, আলপনা ও রঙিন ব্যানার দিয়ে, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
হালখাতা শুধু একটি ব্যাবসায়িক প্রথা নয়, বরং এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বন্ধনের প্রতীক। নতুন বছরের শুরুতে এটি মানুষের মধ্যে নতুন আশা, আনন্দ এবং সম্পর্কের নবায়ন।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









