জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করা হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আমরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা যায়, আগামীকাল বৃহস্পতিবার ভাড়া বৃদ্ধির বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যাত্রীসাধারণের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর বৃহস্পতিবারের ঘোষণার দিকে।