প্রকাশিত হলো এইচএসসি পরীক্ষার সময়সূচি

সংগৃহীত
প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং আগামী ১৫ আগস্টের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। আর শেষ দিন ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষা।
নির্ধারিত সময় অনুযায়ী, পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।
অন্যদিকে ব্যবহারিক বিষয়সমূহের ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য সময় রাখা হয়েছে ২ ঘণ্টা ৩৫ মিনিট।
পরীক্ষা সংশ্লিষ্ট বিস্তারিত নির্দেশনা জানতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট পরিদর্শনের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






