ডিএনসিসির বিশেষ অভিযানে ১৬শ পিস ইয়াবা ও মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার

ছবিঃসংগৃহীত
ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের বিশেষ অভিযানে ১৬,০০০ পিস ইয়াবা উদ্ধার: যাত্রাবাড়ী এলাকা হতে দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন ওরফে বাবু আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য দেশব্যাপী ডিএনসি’র অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। যার ফলস্বরূপ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান হতে উল্লেখযোগ্য পরিমান মাদক জব্দসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে।
এরই ধারাবাহিকতায় ডিএনসির গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, ঢাকার কেরাণীগঞ্জের মোঃ বাবুল হোসেন(৪৫) ওরফে বাবুসহ একটি চক্র দীর্ঘদিন যাবৎ যশোরসহ দেশের দক্ষিনাঞ্চলে অবস্থান করে আইনশৃঙ্খলা বাহীনির নজর এড়িয়ে কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের সাথে সক্রিয় রয়েছে। এই সূত্র ধরে জানা যায় যে, ঢাকা থেকে মোঃ বাবুল হোসেন যশোরগামী একটি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে যশোরের উদ্দেশ্যে রওয়ানা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে ডিএনসি’র ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে একটি দল ০৯/০৬/২০২৬ ইং তারিখ দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্তরের পূর্বপাশে নাসির উদ্দিন সর্দার মার্কেটের সামনে যশোরগামী লিটন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে উক্ত বাস থেকে সাধারণ যাত্রীবেশী মোঃ বাবুল হোসেন ওরফে বাবু (৪৫)কে আটক করে। বিধিমত আটককৃত ব্যাক্তির দেহ তল্লাশি করে তার হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে স্কচটেপ ও টিস্যু দ্বারা মোড়ানো অবস্থায় ১৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ০১ টি উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী ঢাকার কেরাণীগঞ্জের আঁটি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে যশোরে স্থায়ীভাবে বসবাস করছে। সে দীর্ঘদিন ধরে যশোরে অবস্থানের সুবাদে যশোর, খুলনা, রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার সখ্যতা গড়ে উঠে। তার সাথে ঢাকার কেরাণীগঞ্জ, চট্টগ্রাম এবং কক্সবাজারের টেকনাফ এলাকার মাদক ব্যবসায়ীদেরও যোগাযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজর এড়াতে সে প্রথমে কক্সবাজারের টেকনাফ হতে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মাধ্যমে ঢাকার কেরাণীগঞ্জে ইয়াবা নিয়ে আসে। তারপর সেখান থেকে বাসযোগে যশোর এবং সেখান থেকে খুলনা, রাজশাহী, রংপুর, বরিশালসহ স্থানীয় এলাকার মাদক কারবারিদের নিকট পাইকারী সরবরাহ করে। অন্যান্য মহাসড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কড়া নজরদারীর কারণে সে এই পথে ইয়াবা পাচার করছিল। এভাবে সে আরো বেশ কয়েকটি বড় ইয়াবার চালান পাচার করেছে বলে জানায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন ওরফে বাবু (৪৫) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএমপি যাত্রাবাড়ী থানায় উপপরিদর্শক মোঃ আবু নাসের বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এই চক্রের সাথে আরো যারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দেশে নিষিদ্ধ ইয়াবাসহ যেকোন অবৈধ মাদক দ্রব্যের যাতে বিস্তার না ঘটে সে জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডিএনসির পক্ষ হতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






