দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্ট-আপ, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা উন্নয়নে মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার বেশ কয়েকটি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় ঢাকা মহানগরের অবকাঠামো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে নিয়মিত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ঢাকা-৪ আসনের স্থানীয় চাহিদার ভিত্তিতে অবকাঠামো উন্নয়ন এবং নিম্ন ও মধ্য আয়ের মানুষের জীবনমান উন্নয়নে আগামী বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে দেশব্যাপী বিভিন্ন ভাতা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও বরাদ্দ আরও বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন স্টার্ট-আপ বাংলাদেশ লিমিটেড এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্টার্ট-আপ তহবিলের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যুব ও ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ পেতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্ট-আপ তহবিল, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

প্রাইমটিভি/কেআর