‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ,’ সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

ছবি- সংগৃহীত রুমিন ফারহানা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও নারী-শিশুদের নিরাপত্তার ভয়াবহ বিপর্যয় নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। গতকাল সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে দাঁড়িয়ে সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন অপরাধের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে তিনি এই ঝাঁঝালো বক্তব্য দেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
বক্তব্যে রুমিন ফারহানা টিআইবির একটি প্রতিবেদনের পরিসংখ্যান টেনে দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে। যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসেই দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে।
নারী ও শিশুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি জানান, আলোচ্য সময়ে ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৮ থেকে ১০২ জন নারী এবং ৪৯ থেকে ৭১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন।
রুমিন ফারহানা বলেন, সরকারের ৫০ ভাগ সফলতা বা ব্যর্থতা নির্ভর করে মূলত অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মন্ত্রী থাকলে তার এই ব্যর্থতার খতিয়ান আরও স্পষ্ট করে বলা যেত।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







