স্কুল ফিডিং প্রকল্পে অয়নিম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

স্কুল ফিডিং প্রকল্প । সংগৃহীত
মাদারীপুরে স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এএফএম আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং মো. নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তারা সমতা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
পুলিশ জানায়, অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ায় দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।
এরপর সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেন। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






