পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে আগুন, তিনজনের মৃত্যু

ছবিঃসংগৃহীত
পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকায় অবস্থিত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে আজ মঙ্গলবার (৯ জুন) সকালে দুইজন এবং গতকাল সোমবার (৮ জুন) বিকেলে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন— পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ।
পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির। একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এর পরের দিন (৪ জুন) মরদেহ দাফন শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
অগ্নিকাণ্ডের সময় মূল আসামিপক্ষের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না। তবে আগুন দেওয়ার একপর্যায়ে বাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশে থাকা উৎসুক জনতা ও প্রতিবেশীরা মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, যার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছিল।
পাবনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে—গতকাল একজন এবং আজকে দুইজন। এই অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, কিশোরী হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আসামিরা ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাইমটিভি/ এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






