দেশজুড়ে চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলার পলাতক দুই আসামি—সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান জাহিদ এবং সৈনিক শাহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তারা বিদেশে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির আদেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (৮ জুন, ২০২৬) বিকেলে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মমিনুল হক এ আদেশ দেন। কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম পলাতক এই দুই আসামির বিরুদ্ধে পরোয়ানা ও রেড অ্যালার্ট জারির আবেদন করেন। সোমবার শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। একই দিন এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার থাকা সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে নিয়মিত হাজিরার অংশ হিসেবে কুমিল্লা কারাগার থেকে আদালতে আনা হয় এবং পরে আবার কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। থানা-পুলিশ, ডিবি ও সিআইডি দীর্ঘ সময় তদন্তে ব্যর্থ হওয়ার পর ২০২০ সালে মামলার দায়িত্ব পায় পিবিআই।

প্রাইমটিভি/বিএম