সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৎপরতা, সীমান্তে অবৈধ পুশইন এবং সমসাময়িক বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে মঙ্গলবার (৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে আরও কঠোর হতে হবে; বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সীমান্তে অবৈধ পুশইন বন্ধ করতে হবে, অন্যথায় সীমান্ত অভিমুখে লং মার্চ এবং ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে; আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বরাদ্দের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; এবং রাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসরদের অপসারণ করতে হবে।

নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর যেকোনো তৎপরতা দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি হতে পারে। তাই এসব কার্যক্রম প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, অবৈধ পুশইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত এ সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক খাতে প্রয়োজনীয় সংস্কার এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

প্রাইমটিভি/এমএইচ