৪৫ রানে শেষ ৬ উইকেটের পতন: রিতু-রাবেয়াদের তোপে পথ হারাল লঙ্কানরা

ছবি- সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী দল। এক পর্যায়ে বড় সংগ্রহের পথে থাকা লঙ্কানদের, নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ২০৫ রানেই আটকে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৪৫ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট তুলে নিলে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। উদ্বোধনী জুটিতে তারা ৬৮ রান যোগ করেন। লঙ্কানদের এই ভয়ংকর হয়ে ওঠা জুটি ভাঙেন বাংলাদেশের অলরাউন্ডার রিতু মনি। হাসিনি পেরেরাকে সাজঘরে ফেরানোর পরের ওভারেই হার্ষিতা সামারা বিক্রমাকে আউট করে লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন রিতু।
শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয় প্রতিরোধ গড়ে তোলেন ইমেশা দুলানি ও হানসিমা করুণারত্নে। তাদের ৫২ রানের জুটিতে লঙ্কানরা বড় স্কোরের স্বপ্ন দেখতে শুরু করে। ব্যক্তিগত ৫২ রান করে সুলতানা খাতুনের বলে আউট হন ইমেশা। অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া হানসিমা করুণারত্নেও ফিফটি (৫৪ রান) পূর্ণ করার পর সোবহানা’র হাতে শিকার হন।
এক পর্যায়ে ৩ উইকেটে ১৬০ রান করা শ্রীলঙ্কা বড় সংগ্রহের পথে ছিল। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেয় বাংলাদেশের বোলাররা। কাভিশা দিলহারি ৩০ রান করলেও বাকি ব্যাটারদের কেউই হতে পারেননি। মাত্র ৪৫ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
ম্যাচে রিতু মনি সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এদিকে নাহিদা আক্তার গুরুত্বপূর্ণ সময়ে ২টি উইকেট নেন। অন্যদিকে রাবেয়া খাতুন উইকেট ১টি পেলেও ছিলেন রান দেওয়ার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত কিপটে। ৯ ওভারে মাত্র ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি মেডেন ওভার। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ২০৬ রানের। বোলারদের করে দেওয়া সহজ মঞ্চে ব্যাটাররা সফল হতে পারলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে টাইগ্রেসরা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









