পতাকা টাঙানো নিয়ে বিরোধ, আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটালেন ব্রাজিল ভক্ত

আর্জেন্টিনা সমর্থক । সংগৃহীত
লক্ষ্মীপুরের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় আর্জেন্টিনা দলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় ব্রাজিল সমর্থক এক যুবকের বিরুদ্ধে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ থানাধীন ওই এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ হোসেন (২০) বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত রিফাত হোসেনও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কয়েকজন তরুণ আর্জেন্টিনা দলের পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ব্রাজিলের কয়েকজন সমর্থক এতে আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে রিফাত হোসেন লাঠি দিয়ে আজাদ হোসেনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আজাদ হোসেনের দাবি, তিনি ও তার বন্ধুরা আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় রিফাত বাধা দেন। একপর্যায়ে তার ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রিফাত হোসেন। তিনি বলেন, পতাকা নিয়ে সামান্য বাগবিতণ্ডা হয়েছিল, তবে তিনি কাউকে মারধর করেননি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ফুটবল দল সমর্থনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় এক তরুণ আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








