নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল

ছবি- সংগৃহীত
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর মাত্র দুই দিন আগে ব্রাজিলে এসেছে এক বড় স্বস্তির খবর। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত মাসে স্ক্যানে তার পায়ের পেশিতে ‘গ্রেড-২ মাসল টিয়ার’ ধরা পড়ায় এবং চিকিৎসকেরা ২-৩ সপ্তাহের বিশ্রামের কথা বলায় সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সোমবার (৮ জুন) করা সর্বশেষ এমআরআই রিপোর্ট সেই শঙ্কা অনেকটাই কেটে দিয়েছে।
সিবিএফ জানিয়েছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী দারুণভাবে এগোচ্ছে। তবে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে সেলেসাওদের উদ্বোধনী ম্যাচে এই ফরোয়ার্ড প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। যদিও চিকিৎসকেরা তাকে নিয়ে বেশ আশাবাদী।
অবশ্য নেইমারের অনুপস্থিতিতেও প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিল ব্রাজিল। তারা পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ গোলে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। সাম্প্রতিক সময়ে চোট যেন নেইমারের ক্যারিয়ারের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ২০২৩ সালের হাঁটুর মারাত্মক ইনজুরি ছাড়াও সৌদি ক্লাব আল হিলাল এবং শৈশবের ক্লাব সান্তোসে খেলার সময়ও তাকে বারবার মাঠের বাইরে যেতে হয়েছে। ৩৪ বছর বয়সী এই তারকার এবারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই সংশয় জেগেছিল, কিন্তু নতুন কোচ কার্লো আনচেলত্তি তার ওপর পূর্ণ আস্থা রেখেছেন। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমারের এটি চতুর্থ বিশ্বকাপ। গ্রুপ পর্বে মরক্কোর পর আগামী ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








