ছোটপর্দার অভিনেতা আরশ খান নতুন ব্যবসা শুরু করেন। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরশ লেখেন, অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটা ব্যবসা থাকবে। আলহামদুলিল্লাহ ছোট পরিসরে শুরু করেছি। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ আমার নতুন প্রতিষ্ঠান।

এরপর লেখেন, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে প্রাইজ লিস্ট করেছি। বিশেষ করে স্টুডেন্টসদের জন্য।’ 

সবশেষে দোয়া চেয়ে আরশ লেখেন, ‘আমাকে সুযোগ করে দেবেন যেন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।’

খবরটি পেয়ে মন্তব্যের ঘরে আরশকে অভিনন্দন জানাচ্ছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকে শুভকামনা জানিয়েছেন তাকে।

ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আরশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আমার বিরহে অভ্যস্ত হইও না’, ‘শ্রাবণের রূপকথা’ নাটক। ওটিটি মাধ্যমেও নাম লিখিয়েছেন অভিনেতা। বছরের শুরুতে মুক্তি পেয়েছে আরশের ‘আতকা’ সিরিজটি।