যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। তাঁর ভাষায়, শত্রুদের জন্য অপেক্ষা করছে নতুন ও তিক্ত পরাজয়। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে ঘিরে যখন উত্তেজনা বাড়ছে, তখনই এ ধরনের কড়া বার্তা দিলেন খামেনি।

এদিকে, একই প্রণালিতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।এতে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আরও অবনতি হলে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখছে বিশ্ব শক্তিগুলো। তবে উত্তেজনা প্রশমনে এখনো কোনো কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। এই অবস্থায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।