বর্তমান বিশ্ব রাজনীতিতে যখন ইসরায়েল ক্রমশ একাকী হয়ে পড়ছে, ঠিক তখনই তাদের রক্ষাকবচ হয়ে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ এপ্রিল) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সাহসী মিত্র হিসেবে অভিহিত করেছেন তিনি।

​প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তিনি ইসরায়েলকে সাহসী, নির্ভীক এবং বিচক্ষণ হিসেবে বর্ণনা করে বলেন, যুদ্ধের এই কঠিন সময়ে অনেক দেশ পিছু হটলেও ইসরায়েল জানে কীভাবে লড়াই করতে হয় এবং বিজয় ছিনিয়ে আনতে হয়।

​বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তার মাধ্যমে ট্রাম্প মূলত ইউরোপীয় মিত্রদের দিকেই আঙুল তুলেছেন। কারণ: যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ইতালি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। ​পাশাপাশি স্পেনও ইসরায়েলে নিজেদের মারণাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও স্পষ্টত ইউরোপের দেশগুলো ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে সরাসরি জড়াতে অনীহা প্রকাশ করেছে।

দীর্ঘদিনের ​গাজা ও লেবাননে চলমান হামলা এবং সম্প্রতি ইরানে বিনা উস্কানিতে হামলার কারণে নানানভাবে বৈশ্বিক চাপে রয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য নেতানিয়াহু প্রশাসনের জন্য বিশ্ব রাজনীতি'তে বড় ধরনের রাজনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে।