ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটন ডিসির একটি কংগ্রেস ভবনে অবস্থান নেয়ায় ৬০ জনের বেশি সাবেক মার্কিন সেনা ও তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (সোমবার, ২০ এপ্রিল) ক্যানন হাউস অফিস ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল।

ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ের ভেতরে আয়োজিত এই বিক্ষোভের নেতৃত্বে ছিল অভিজ্ঞ সেনাসদস্যদের বেশ কয়েকটি সংগঠন। গ্রেপ্তারদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাসদস্যও রয়েছেন বলে জানা গেছে। অন্তত ৬২ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছে ক্যাপিটল পুলিশ।

বিক্ষোভকারীরা ক্যানন ভবনের রোটান্ডায় সমবেত হয়ে মার্কিন হামলায় নিহত ইরানিদের সম্মানে লাল টিউলিপ ফুল হাতে নীরবতা পালন করেন। এ সময় তাদের হাতে ‘ইরান যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার দেখা যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা জাতীয় পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিকতা পালন করছেন, যা নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়।

একপর্যায়ে ক্যাপিটল পুলিশ বিক্ষোভকারীদের হাত বেঁধে ভবন থেকে সরিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বিভিন্ন মহলে এই সংঘাত নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। বিশেষ করে মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সাবেক সেনারা এই সরব প্রতিবাদ শুরু করেছেন।