যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ জুন) সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে এবং একটি ভালো চুক্তি করতে আগ্রহী। তার দাবি, তেহরান পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়ে ছাড় দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, “আমি মনে করি আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিকারের বিজয় দেখতে পাবেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি হবে একটি পরিপূর্ণ বিজয় এবং খুব শিগগিরই তা ঘটবে।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সমঝোতা বা সাফল্য অর্জিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তবে ‘দুই সপ্তাহের মধ্যে’ বড় ধরনের অগ্রগতির প্রতিশ্রুতি ট্রাম্প এর আগেও দিয়েছেন। গত ৮ এপ্রিল ইরানকে ঘিরে ঘোষিত যুদ্ধবিরতি প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য কার্যকর থাকার কথা ছিল। ওই সময়ের মধ্যেই সংঘাতের স্থায়ী সমাধানে একটি চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রাইমটিভি/এনজি