ভূমিকম্পে ফিলিপাইনে নিহত বেড়ে ৩২

ছবি- সংগৃহীত ফিলিপাইন
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। সোমবার (৮ জুন,২০২৬) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এই তীব্র কম্পনের পর ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে।
ভয়াবহ এই দুর্যোগে শতাধিক মানুষ আহত এবং ২৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ১০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় মিন্দানাও দ্বীপ জুড়ে ব্যাপক ভূমিধস হয়েছে এবং অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে।
উপকূলীয় সারঙ্গানি প্রদেশে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই ভূমিধসের নিচে চাপা পড়েছিলেন। এছাড়া বিশ্বখ্যাত বক্সার ম্যানি প্যাকিয়াওয়ের হোমটাউন জেনারেল সান্তোস শহরে আরও ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছে সিভিল ডিফেন্স।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই এই বিপর্যয় ঘটায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্ত এলাকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিতের নির্দেশ দিয়েছেন। দুর্গত এলাকাগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল করা হয়েছে এবং সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






