ইতালির বদলে লিবিয়ার বন্দিশালায় লিমন: মাদারীপুরে পুত্রবধূ ও শ্বশুর গ্রেফতার

সরাসরি ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে মাদারীপুরে এক পুত্রবধূ ও শ্বশুরকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য সোবাহান মোল্লার স্ত্রী তানিয়া বেগম ও তাঁর বাবা (সোবাহান মোল্লার শ্বশুর) সালাম মোল্লা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের লিমন মাতুব্বরকে (২২) ১৮ লাখ টাকার বিনিময়ে সরাসরি ইতালি নেওয়ার চুক্তি করে সোবাহান মোল্লা ও তার সহযোগীরা। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর লিমন ঢাকা ত্যাগ করলেও তাকে ইতালি না পাঠিয়ে প্রথমে সৌদি আরব এবং পরে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বন্দিশালায় আটকে রেখে লিমনের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়।
লিমনের পরিবার জানায়, মুক্তিপণের নামে তাদের কাছ থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরও ১২ লাখ টাকা আদায় করেছে চক্রটি। সব মিলিয়ে ৩০ লাখ টাকা দিলেও লিমনকে উদ্ধার করা সম্ভব হয়নি; বরং বর্তমানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় গত ৭ এপ্রিল ভুক্তভোগীর খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লাসহ আটজনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেন। মামলার পর র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেফতার করে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত সোবাহান মোল্লাসহ অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।"

খালিদ রবিন
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









