হামের বিরুদ্ধে লড়াইয়ে ‘টিকা’ই প্রধান অস্ত্র: ২০ এপ্রিল থেকে কার্যক্রম শুরুঃ স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাওয়া বিশেষ হাম টিকাদান কর্মসূচির মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যেই হাম পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসবে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, দেশে কোনো ধরনের টিকার সংকট নেই। গণমাধ্যমে প্রকাশিত টিকার ঘাটতি সংক্রান্ত খবরগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ টিকার মজুত রয়েছে, তা দিয়ে আগামী জুন মাস পর্যন্ত দেশজুড়ে নির্বিঘ্নে টিকাদান কার্যক্রম চালানো সম্ভব।
তবে মন্ত্রী স্বীকার করেন যে, টিকাদানে ব্যবহৃত নির্দিষ্ট সিরিঞ্জের (.০৫ ডোজ) কিছুটা স্বল্পতা দেখা দিতে পারে। পাশাপাশি এ বিষয়ে তিনি আশ্বস্ত করেন যে, ইউনিসেফ-এর মাধ্যমে আগামী সাত দিনের মধ্যেই সিরিঞ্জের আংশিক সরবরাহ দেশে পৌঁছাবে এবং অবশিষ্ট সকল সরঞ্জাম মে মাসের মধ্যেই পাওয়া যাবে।
সরকার জনস্বার্থে কাজ করলেও একটি দুষ্টচক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সময়মতো শিশুকে টিকা দেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









