ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

দেশে ফেরা ৭ বাংলাদেশি । সংগৃহীত
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ৭ বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা সুনামগঞ্জ সদর, শাল্লা ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলা কারাগারে দীর্ঘদিন সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ৭ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






