জাতীয় সংসদে বিরোধীদলের বক্তব্য চলাকালীন সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কয়েকজন সংসদ সদস্যের অঙ্গভঙ্গি ও আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৯ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ঘটনার সূত্রপাত হয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সংসদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের কড়া সমালোচনা করেন। তার বক্তব্যের সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের আচরণ ও অঙ্গভঙ্গিতে সংসদে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্লোর নিয়ে দাঁড়ান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই সংসদ দেশের সর্বোচ্চ সম্মানের জায়গা। এখানে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এসেছেন। একজন সংসদ সদস্য যখন কথা বলছিলেন, তখন ট্রেজারি বেঞ্চ থেকে যে ধরনের অঙ্গভঙ্গি করা হয়েছে, তা আমার বিবেকে আঘাত হেনেছে।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন যে, যারা একাধিকবার নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন, তাদের কেউ কেউ এমন অশোভন আচরণে লিপ্ত ছিলেন। তবে ব্যক্তিগতভাবে কাউকে ছোট না করার অভিপ্রায়ে তিনি কারও নাম উল্লেখ করেননি। সংসদের মর্যাদা রক্ষায় ভবিষ্যতে সকল সদস্যকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।