টাইগার'দের গর্জনে লণ্ডভণ্ড নিউজিল্যান্ড: সিরিজে সমতায় বাংলাদেশ

ছবি- সংগৃহীত
বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল স্বাগতিকরা। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বড় জয়ের সুবাদে সিরিজ নির্ধারণী ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো।
সকালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তবে শুরু থেকেই কিউই ব্যাটারদের ওপর চেপে বসেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা ছিলেন অপ্রতিরোধ্য। তার গতি আর বাউন্সে নিউজিল্যান্ডের ব্যাটাররা দাড়াতেই পারেননি। নাহিদ রানার একাধিক গুরুত্বপূর্ণ উইকেটে কিউইদের রানের চাকা স্থবির হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ড মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায়।
তানজিদ তামিমের বিধ্বংসী ফিফটি ও শান্তর দৃঢ়তা ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে। তবে সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।
তানজিদ তামিম মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ফুটিয়ে মাত্র ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫৮ বলে ৭৬ রানের একটি টর্নেডো ইনিংস খেলে জয়ের পথ সহজ করে দেন তিনি।
নাজমুল হোসেন শান্ত তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে খেলেন দায়িত্বশীল ইনিংস। ব্যক্তিগত ৫০ রান করার পর তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও দলের জয় নিশ্চিত করে যান।এই দুইজনের ১২০ রানের বিশাল জুটির ওপর ভর করে বাংলাদেশ ৮৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়।
প্রথম ম্যাচে হারের পর এই বড় জয় টাইগারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই সমন্বিত পারফরম্যান্সের সুফল পেল বাংলাদেশ। আগামী ২৩ এপ্রিল সিরিজের শেষ ও চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবে দুই দল। যে দল জিতবে, সিরিজ তাদেরই হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









