দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার ( ৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোসাদ্দেক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা।

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে চাপে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২ ওভার ২ বল শেষে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।

এ সময় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় ম্যাচটি আর শুরু করা সম্ভব হয়নি। ফলে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে বাংলাদেশকে ৮৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ২১ বছরের জয়খরা কাটালো বাংলাদেশ। একই সঙ্গে দেশের ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরেকটি স্মরণীয় অধ্যায়।

প্রাইমটিভি/এনজি