এআই তৈরি পাসওয়ার্ডে বাড়ছে সাইবার ঝুঁকি

ছবিঃ সংগৃহীত
অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের গুরুত্ব অনেক। কিন্তু একাধিক অ্যাকাউন্টের জন্য আলাদা জটিল পাসওয়ার্ড তৈরি ও মনে রাখা কঠিন হওয়ায় অনেকেই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। আবার কেউ কেউ নির্ভর করেন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইরেগুলারের গবেষণায় দেখা গেছে, এআই দিয়ে তৈরি পাসওয়ার্ড দেখতে জটিল হলেও আসলে ততটা নিরাপদ নয়। গবেষকেরা তিনটি জনপ্রিয় এআই মডেল ব্যবহার করে ১৬ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করেন এবং সেগুলো র্যান্ডম জেনারেটরের পাসওয়ার্ডের সঙ্গে তুলনা করেন। ফলাফলে দেখা যায়, এআই তৈরি পাসওয়ার্ডে নির্দিষ্ট প্যাটার্ন, অক্ষর বা সংখ্যার পুনরাবৃত্তি এবং কাঠামোগত মিল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নিরাপদ পাসওয়ার্ডের মূল শর্ত হলো সম্পূর্ণ এলোমেলো হওয়া। কিন্তু এআই কাজ করে পূর্বানুমান ও প্যাটার্নের ভিত্তিতে। ফলে এসব পাসওয়ার্ড সাইবার অপরাধীদের জন্য তুলনামূলক সহজ টার্গেট হয়ে উঠতে পারে। তাই অনলাইনে নিরাপদ থাকতে কিছু বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি ও সংরক্ষণ করা যেতে পারে। পাসকি প্রযুক্তি ব্যবহার করলে পাসওয়ার্ডের প্রয়োজনই পড়ে না। পাশাপাশি দীর্ঘ পাসফ্রেজ ব্যবহার এবং মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখলে নিরাপত্তা আরও বাড়ে।
সচেতনতা ও সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব অনলাইন নিরাপত্তা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








