গ্রামেই মিলবে হৃদরোগের চিকিৎসা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল সার্জিক্যাল ইউনিটের মাধ্যমে হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসা এখন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চীন বাংলাদেশ স্বাস্থ্য খাত সহযোগিতার অংশ হিসেবে অত্যাধুনিক মোবাইল মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইউনিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যসেবাকে আমূল পরিবর্তনের যে রূপকল্প তুলে ধরা হয়েছে, এই উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে সংস্কার ও পুনর্গঠন করা হবে যাতে সরকারি হাসপাতালের সেবা প্রকৃত অর্থেই সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে পারে। ড. মুহিত বলেন, দেশে অসংক্রামক ব্যাধি বিশেষ করে হৃদরোগে মৃত্যুর হার উদ্বেগজনক। এই মোবাইল ইউনিটের মাধ্যমে রাজধানীর বাইরে প্রত্যন্ত এলাকাতেও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে হৃদরোগের চিকিৎসা এখন আর শহরকেন্দ্রিক থাকবে না।
তিনি আরও বলেন, অসংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্ব কমানোই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি স্বীকার করেন, গত ১৫ বছরে দুর্নীতি, তদারকির অভাব এবং সঠিক পরিকল্পনার ঘাটতির কারণে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার তা কাটিয়ে উঠে কার্যকর পরিবর্তন আনতে কাজ করছে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ভ্রাম্যমাণ ইউনিট স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতেও সহায়ক হবে।
তিনি আরও জানান, হাসপাতাল সম্প্রসারণ, চিকিৎসা গবেষণা এবং চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের ক্ষেত্রে চীনের সঙ্গে যৌথভাবে কাজ করার বড় সুযোগ রয়েছে। দ্রুতই স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে, যা দেশের জরুরি স্বাস্থ্য চাহিদা পূরণে সহায়তা করবে। স্বাস্থ্যসেবার এই নতুন উদ্যোগে সাধারণ মানুষের জন্য তৈরি হচ্ছে আরও সহজলভ্য ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার সম্ভাবনা।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









