আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এ বছর চাহিদার তুলনায় দেশে প্রায় ২২ লাখেরও বেশি পশু উদ্বৃত্ত রয়েছে।

রোববার (৩’মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কোরবানির প্রস্তুতি ও সরবরাহ পরিস্থিতি তুলে ধরেন।

মন্ত্রী জানান, এ বছর দেশে কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে খামারি ও কৃষকদের কাছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু প্রস্তুত রয়েছে। ফলে চাহিদার চেয়ে অতিরিক্ত ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু বাজারে থাকবে। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা প্রায় ৫৭ লাখ এবং ছাগল ও ভেড়া রয়েছে ৬৬ লাখের বেশি।

সীমান্ত দিয়ে অবৈধ পথে বিদেশি পশু আসা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিজিবি ও পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে। এছাড়া হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। বিশেষ করে পশুর ট্রাকে চাঁদাবাজি রোধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীতে এবার ২৭’টি অস্থায়ী পশুর হাট বসবে। তবে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে অনলাইনে পশু কেনাবেচার ক্ষেত্রে কোনো হাসিল বা খাজনা দিতে হবে না বলে ঘোষণা দেন মন্ত্রী।