বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ প্রণোদনা: প্রধানমন্ত্রী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রাইম টিভি
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো বাংলাদেশি বা বিদেশি নাগরিক বিদেশি বিনিয়োগ দেশে আনতে সক্ষম হলে তাকে বিনিয়োগের মোট অর্থের ওপর ১ দশমিক ৫ শতাংশ প্রণোদনা বা কমিশন দেওয়া হবে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদীব চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে মধ্যস্থতাকারী বা পরামর্শকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রণোদনার ফলে প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগে আগ্রহী হবেন।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেশে থেকে নিজ দেশে নেওয়ার ক্ষেত্রে যে জটিলতা ছিল, তা আইনগতভাবে সমাধান করা হয়েছে।
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে নিবন্ধন কার্যক্রম অনলাইনের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি রপ্তানি নীতি হালনাগাদ এবং আমদানি নীতি আদেশ ২০২৬-২৯ সংশোধনের কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিমুখী আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করা হচ্ছে এবং আমদানি প্রক্রিয়া আরও সহজ করতে মূল্য পরিশোধ ব্যবস্থাও সরলীকরণ করা হচ্ছে।
অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতের ভুল নীতির প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। একইভাবে বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর সুফলও ধীরে ধীরে দৃশ্যমান হবে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। গ্রহণযোগ্য ও সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে এই তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ সহায়তা দেওয়া হবে।
এদিকে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান এবং আগামী বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সম-উন্নয়নে বিশ্বাসী এবং সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার উন্নয়নে সমান গুরুত্ব দেওয়া হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








