আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় মোটরসাইকেল মালিকদের জন্য রেজিস্ট্রেশন ও রেজিস্ট্রেশন নবায়নে কোনো কর না নেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে ১৫০ সিসি ও তদূর্ধ্ব মোটরসাইকেলের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

তিনি বলেন, ১৫০ সিসি ও তার বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে সাধারণ মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশন বা নবায়নের সময় কোনো ধরনের কর পরিশোধ করতে হবে না।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীদের আর্থিক চাপ কমানো হবে, পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের ক্ষেত্রে কর-পরিধি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে সংসদে উপস্থাপিত হচ্ছে।

প্রাইমটিভি/কেআর