১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন

ছবি- সংগৃহীত
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বেতন কাঠামো বা ‘নবম জাতীয় পে স্কেল’ ঘোষণার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় আগামী ১ জুলাই থেকেই এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাজেট বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবত একই বেতন কাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।”
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও যোগ করেন যে, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে একটি সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। অর্থমন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণার পর এটি নিশ্চিত যে, সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন স্কেলের সুবিধা আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে।
নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে ১:৮ অনুপাতে পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যা ১:৯.০৭৬। এর আগের বেতনকাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো।
এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াইগুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতনকাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়াসহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১ হাজার ৯০৮ টাকা।
গ্রেড ১: ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেড ২: ৬৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার টাকা।
গ্রেড ৩: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ১৩ হাজার টাকা।
গ্রেড ৪: ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা।
গ্রেড ৫: ৪৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার টাকা।
গ্রেড ৬: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭১ হাজার টাকা।
গ্রেড ৭: ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার টাকা।
গ্রেড ৮: ২৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার ২০০ টাকা।
গ্রেড ৯: ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১০০ টাকা।
গ্রেড ১০: ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩২ হাজার টাকা।
গ্রেড ১১: ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা।
গ্রেড ১২: ১১ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩০০ টাকা।
গ্রেড ১৩: ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা।
গ্রেড ১৪: ১০ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ টাকা।
গ্রেড ১৫: ৯ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার ৮০০ টাকা।
গ্রেড ১৬: ৯ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৯০০ টাকা।
গ্রেড ১৭: ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা।
গ্রেড ১৮: ৮ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা।
গ্রেড ১৯: ৮ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৫০০ টাকা।
গ্রেড ২০: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








