ঋণ নির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী । সংগৃহীত
ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট ২০২৬’ বিষয়ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকারকে একটি চ্যালেঞ্জিং বাজেট প্রণয়ন করতে হয়েছে। তিনি স্বীকার করেন, বাজেটকে নিখুঁত বলা যাবে না। তবে সীমিত সময়ের মধ্যে এটি প্রস্তুত করতে হয়েছে।
আমির খসরু বলেন, বাজেট তৈরির জন্য সাধারণত অন্তত ছয় মাস সময় প্রয়োজন হলেও বর্তমান পরিস্থিতিতে মাত্র দেড় মাসের মধ্যে কাজ শেষ করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে বিপুল বকেয়া ও আর্থিক চাপের মুখোমুখি হতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে কার্ড পৌঁছে দিতে সরকার কাজ করছে। শ্রমিকদের বেতন সরকার সরাসরি না দিলেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে সহায়তা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন অর্থমন্ত্রী।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









