এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

ছবি- সংগৃহীত
মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রশ্নপত্র ফাঁস কিংবা নকলের কোনো ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “প্রশ্নপত্র আউট হয়নি, নকল হয়নি। দুই মাসের ভিতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে আমাদের রেজাল্টও আউট হয়ে যাবে।”
সেশনজট কমিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “এই যে গ্যাপ রয়েছে, আমাদের এসএসসি, এইচএসসি এবং ইউনিভার্সিটি এডুকেশনে—এ গ্যাপগুলোকে আমরা সমন্বয় সাধন করছি।”
তিনি আরও বলেন, ২০২৮ সালের মধ্যে পরীক্ষার পরপরই শিক্ষার্থীদের কলেজে ভর্তি এবং কলেজ শেষ করার পর দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা কোনো অবস্থাতেই অবহেলায় সময় কাটাব না আমাদের শিক্ষার্থীদের জন্য।”
বাংলাদেশে কারিগরি শিক্ষার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি জানান, ইতোমধ্যে পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কাজও আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








