‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক ভারতীরাজা মারা গেছেন

ছবি- সংগৃহীত
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব ভারতীরাজা আর নেই। বুধবার (১০ জুন, ২০২৬) চেন্নাইয়ে নিজ বাসভবনে ৮৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরেই বয়সজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। বিশেষ করে, ২০২৫ সালের মার্চ মাসে তাঁর ছেলে অভিনেতা-পরিচালক মনোজ বাহারাথিরাজার আকস্মিক মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয়, যার ফলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছিল।
১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা এই গুণী মানুষের আসল নাম ছিল চিন্নাসামি পেরিয়ামায়া থেভর। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে গ্রামীণ জীবন, সাধারণ মানুষের আবেগ ও বাস্তবতাকে বড় পর্দায় তুলে এনে তিনি তামিল সিনেমার রূপরেখা বদলে দেন। তাঁর হাত ধরে বহু তারকা অভিনয়শিল্পীর উত্থান ঘটে।
দীর্ঘ কর্মজীবনে তিনি ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। ২০০৪ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ উপাধিতে ভূষিত করে। চলচ্চিত্র জগতে অনবদ্য অবদানের জন্য তাকে ‘ইয়াক্কুনার ইমায়াম’ বা ‘পরিচালকদের শিখর’ বলা হতো। শুধু পরিচালনাতেই নয়, সম্প্রতি ‘থিরুচিটরাম্বালাম’ ও ‘মহারাজা’র মতো চলচ্চিত্রে শক্তিশালী অভিনয় করেও তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন। তাঁর এই চলে যাওয়া ভারতীয় চলচ্চিত্রের এক অপূরণীয় ক্ষতি।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









