বলিউডের কালজয়ী ও কিংবদন্তি সংগীত পরিচালক আর ডি বর্মণের (পঞ্চম দা) জীবন এবার রুপালি পর্দায় আসতে চলেছে। আর এই বহুল প্রতীক্ষিত বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বহুমুখী প্রতিভার অধিকারী ফারহান আখতার। শোনা যাচ্ছে, জনপ্রিয় পরিচালক নীরজ পাণ্ডে এই জীবনীচিত্রটি নির্মাণ করতে চলেছেন। চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে ফারহান ইতিমধ্যেই নিজের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ এবং ‘তুফান’-এর মতো চলচ্চিত্রে ফারহান আখতারের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। যেকোনো চরিত্রের প্রয়োজনে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলার এবং কঠোর প্রস্তুতি নেওয়ার এক অনন্য সুনাম রয়েছে তার। তাই আর ডি বর্মণের মতো একজন আইকনিক ব্যক্তিত্বের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি।

সাম্প্রতিক সময়ে ফারহানের ক্যারিয়ারে কিছু নাটকীয় পরিবর্তন এসেছে। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ থেকে নির্মিতব্য ‘ডন ৩’ ছবি থেকে রণবীর সিং সরে দাঁড়িয়েছেন, যা নিয়ে দুই তারকার মধ্যকার দ্বন্দ্ব এখন বলিউডে ওপেন সিক্রেট। পাশাপাশি ফারহানের পরিচালনায় আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ‘জি লে জারা’ ছবির কাজও বেশ ধীরগতিতে এগোচ্ছে। সব মিলিয়ে প্রযোজনা ও পরিচালনার জটিলতা থেকে কিছুটা বিরতি নিয়ে ফারহান এখন অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করতে চান। আর সে কারণেই নতুন এই বায়োপিকের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যা নিয়ে দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে।

প্রাইমটিভি/বিএম