যুক্তরাষ্ট্রে আলোচিত লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: চ্যাটজিপিটির বিরুদ্ধে তদন্তে যাচ্ছে কর্তৃপক্ষ

লিমন ও বৃষ্ট্রি , ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় চ্যাটজিপিটির ভূমিকা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার। হত্যাকাণ্ডের প্রমাণ লুকানোর জন্য অভিযুক্ত ব্যক্তি চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন বলে প্রসিকিউটরদের পক্ষ থেকে দাবি করার পরপরই রাষ্ট্রীয় পর্যায়ে এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তকারীদের দাবি, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়া জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার পর লাশ গুম করার উপায় খুঁজতে ২৬ বছর বয়সী অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, আবুঘারবিয়েহ চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন—যদি একটি মানবদেহকে প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তবে কী ঘটতে পারে?
এমন তথ্যের ভিত্তিতেই ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ওপেনএআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। তিনি জানান, যেহেতু প্রধান সন্দেহভাজন ব্যক্তি এই ট্র্যাজেডির আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিলেন, তাই প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।
এই ধারাবাহিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের লক্ষ্যে ফ্লোরিডার আইনপ্রণেতারা মঙ্গলবার একটি বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









