‘জয় বাংলা’ স্লোগান বলে ঘুরে বেড়ানোদের ছাড়া হবে না: শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ছবি: সংগৃহীত
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১৬ মে) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম জেলা সফরে দক্ষিণ ২৪ পরগনায় এক জনসভায় তিনি বলেন, “যারা মা, বোন, দিদি ও শিশু কন্যাদের ওপর শারীরিক নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরও ছাড় দেওয়া হবে না।”
শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইন-শৃঙ্খলা) ও দক্ষিণবঙ্গের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা।
বৈঠকে ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দেওয়ার ঘোষণা দেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত এই বোর্ড পরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হবে।
প্রশাসনিক বৈঠক শেষে ফলতায় এক কর্মীসভায় অংশ নেন শুভেন্দু। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লাখের বেশি ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকর্মী ঘরছাড়া রয়েছেন, তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ প্রশাসনকে নিতে হবে। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “কোনো গুন্ডা বাড়িতে থাকবে না। মানুষ অভিযোগ জানাতে বা এফআইআর করতে এলে তা গ্রহণ করতে হবে। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে যারা ঘুষ নিয়েছে, তাদের জেলে যেতে হবে।”
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল শেষ দফার ভোটে অশান্তি ও কারচুপির অভিযোগে ফলতা বিধানসভা আসনের ১৮৫টি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২১ মে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২৪ মে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









