ফুটবল বিশ্বকাপের ফল কি গণিত দিয়ে আগাম বলা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট এমন একটি মডেল তৈরি করেছেন, যা টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছে। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্যও নিজের পছন্দের দলের নাম জানিয়েছেন তিনি।

ক্লেমেন্টের তথ্যভিত্তিক মডেল ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে আগাম পূর্বাভাস দিয়েছিল। জনসংখ্যা, ফিফা র‌্যাঙ্কিংসহ বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে তিনি এই পূর্বাভাস দেন।

জার্মান সংবাদমাধ্যম ডার স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেমেন্ট বলেন, শুরুতে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে বিশ্বকাপের বিজয়ী আগাম নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে ২০১৪ সালে তার মডেল জার্মানিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানোর পর তিনি নিজেই বিস্মিত হয়ে যান।

তিনি বলেন, “ব্রাজিলে জার্মানি বিশ্বকাপ জেতার পর আমি সত্যিই অবাক হয়েছিলাম। কারণ তখন প্রায় সব বিশেষজ্ঞই বলেছিলেন, দক্ষিণ আমেরিকায় কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ জিততে পারবে না।”

ডয়চে ভেলের (DW) সঙ্গে আলাপকালে ক্লেমেন্ট রসিকতা করে বলেন, তার মডেল তাকে ভাগ্যের চেয়ে সামান্য বেশি সুবিধা দেয়। তিনি বলেন, “আমি আসলে মডেলটিকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম। কিন্তু টানা তিনবার সঠিক হওয়ায় হয়তো আমিই বিশ্বের সবচেয়ে ভাগ্যবান অর্থনীতিবিদ।”

তার মতে, একটি ম্যাচের ফলাফলের প্রায় অর্ধেক ব্যাখ্যা করা সম্ভব পরিসংখ্যান দিয়ে, বাকি অংশ নির্ভর করে ভাগ্য ও অনিশ্চয়তার ওপর।

২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের পূর্বাভাস জানাতে গিয়ে ক্লেমেন্ট বলেন, “একজন জার্মান হিসেবে এটা বলতে খারাপ লাগছে, কিন্তু আমার মডেল বলছে নেদারল্যান্ডস এবার তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতবে।”

ফুটবলপ্রেমীদের এখন নজর থাকবে ক্লেমেন্টের পূর্বাভাসের দিকে। টানা তিনটি বিশ্বকাপের ফল সঠিকভাবে অনুমান করার পর তার ‘ভাগ্য’ কিংবা ‘গাণিতিক মডেল’ ২০২৬ বিশ্বকাপেও সফল হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

প্রাইমটিভি/কেআর