সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্র গুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঠাকুরগাঁও জেলায় মোট ৩৯টি কেন্দ্রে ২৩ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ২৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৭ হাজার ৮৩৩  শিক্ষার্থী। এছাড়া ৮টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ২২৫ জন এবং ৮টি কেন্দ্রে কারিগরি (ভোকেশনাল) শাখায় পরীক্ষায় অংশ নিয়েছে ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী।

 

পরীক্ষাকে ঘিরে কেন্দ্রগুলোর আশপাশে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পরীক্ষার্থীদের সাহস ও মানসিক সমর্থন দিতে বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতি দেখা গেছে।

 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।